রাঙামাটি প্রতিনিধি;
রাঙামাটির হাজাছড়ি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে জেএসএস (মূল) এর এক সশস্ত্র সদস্যকে আটক করেছে সেনা টহল দল। অভিযানে দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও চাঁদাবাজির নথিপত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী হাজাছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে। এসময় একটি গোপন আস্তানায় অবস্থানরত জেএসএস (মূল) এর সশস্ত্র চাঁদাবাজ অন্তর চাকমা (৩০) সেনাসদস্যদের লক্ষ্য করে চাপাতি দিয়ে আক্রমণের চেষ্টা চালায়। সেনাসদস্যরা দ্রুত প্রতিক্রিয়ায় সতর্কতামূলক গুলি ছুঁড়লে তা তার কনুইয়ে লেগে হালকা আঘাত করে।
পরে সেনা সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি রামদা এবং চাঁদা আদায়ের গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়। আহত অন্তর চাকমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামসহ পুলিশে হস্তান্তর করা হয়েছে।
সেনা সূত্র জানায়, অন্তর চাকমা দীর্ঘদিন ধরে রাঙামাটি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি করে আসছিল। সেনাবাহিনীর কাজে বাধা দেওয়া এবং সেনাসদস্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, শান্তি ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
