সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি;;
বিলাইছড়ি কলেজে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ত্রি-পক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় কলেজ হলরুমে কলেজ কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ক সমস্যা ও তাদের সার্বিক অগ্রগতির বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সুশিক্ষার আওতায় আনার উপায় এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক অমৃত কুমার চাকমা, ইমরান হোসেন, নিশিতা আজিম, ক্লিয়ানা চাকমা, কলেজের কর্মচারী শিশির বড়ুয়া ও অনিক চাকমা, অভিভাবকগণ এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থী।
সভার মাধ্যমে অভিভাবক-শিক্ষার্থী-শিক্ষক ত্রিমুখী সংলাপ গড়ে উঠায় শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্তের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
