রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় এক বৃদ্ধ জেলেকে হত্যার দায়ে জমর কান্তি চাকমা (৩২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি জমর কান্তি চাকমা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত জমর কান্তি চাকমা বিলাইছড়ি উপজেলার ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়নের সাক্রাছড়িমুখ গ্রামের চিগোনকালা চাকমার ছেলে।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি বিকেলে বিলাইছড়ি উপজেলার ধুপশীল ফরেস্ট অফিস সংলগ্ন রাইক্ষ্যাং নদীর পাড়ে মাছ ধরার জাল সেলাইকে কেন্দ্র করে বাদী মো. আরিফ ও নিহত আব্দুর শুক্কুরসহ কয়েকজন জেলের সঙ্গে আসামি জমর কান্তি চাকমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জমর কান্তি চাকমা আব্দুর শুক্কুরকে মাটিতে ফেলে গলা টিপে শ্বাসরোধ করেন। পরে গুরুতর অবস্থায় তাকে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ওই রাতেই নিহতের স্বজনরা বিলাইছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার এ রায় ঘোষণা করেন।
রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “২০২০ সালের হত্যা মামলায় আসামি জমর কান্তি চাকমাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানার অর্থ অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।”