সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙামাটি প্রতিনিধি;
বিলাইছড়ি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের খরিপ ঋতু-১ (জুম সিজন) উফঁশী আউশ প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় এই সহায়তা দেওয়া হয়।
বুধবার (১৪ মে) বিলাইছড়ি উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার তিনটি ইউনিয়নের ৩৮০টি কৃষক পরিবারকে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক, বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক এবং উপজেলার ১২টি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ অন্যান্য কর্মচারীরা।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের এই উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ও উৎসাহ সৃষ্টি করেছে।