নিউজ ডেস্ক:
দেড় মাস বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে সাজেক ভ্যালি পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে। ২০ সেপ্টেম্বরের পর পাহাড়ে সংঘাত ও নিরাপত্তা সংক্রান্ত কারণে পর্যটকরা সাজেকে ভ্রমণ করতে পারেননি।
সাজেকের পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাজেক ভ্যালিতে ১১৬টি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। এছাড়াও এখানে ১৪টিরও বেশি রেস্তোরাঁ রয়েছে, যা গত দেড় মাসে কোনো বিক্রি করতে পারেনি। সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, এই সময়ে প্রায় ৮-৯ কোটি টাকার লোকসান হয়েছে। পর্যটকরা ফিরে এলে এই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, রাঙামাটিতে ১ নভেম্বর থেকে পর্যটকদের ওপর থাকা বিধি-নিষেধ প্রত্যাহার করা হয়েছে। সাজেক মূলত রাঙামাটি জেলায় হলেও খাগড়াছড়ি জেলার ওপর দিয়ে যেতে হয়। যেহেতু খাগড়াছড়ি ৫ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে, তাই একই দিনে সাজেক ভ্রমণও শুরু হবে।