জাগ্রত পাহাড় ডেস্ক :
রাঙামাটিতে নববর্ষের আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে দেশবিরোধী বার্তা ছড়ানোর অভিযোগে চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়ের দ্বিতীয় স্ত্রী ইয়েন ইয়েনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। রোববার (২১ এপ্রিল) সকাল ১১টায় পিসিসিপি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শহরের কাঠালতলী থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনরূপা সিএনজি স্টেশন চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেন। এতে বক্তব্য রাখেন পিসিএনপি’র চেয়ারম্যান কাজী মজিবর রহমান, জেলা প্রচার সম্পাদক হুমায়ুন কবির, পিসিসিপি জেলা সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, লংগদু শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, ছাত্রী বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বিথী, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।
বক্তারা বলেন, বাংলা নববর্ষ ১৪৩২-কে সামনে রেখে আয়োজিত ঢাকার শোভাযাত্রায় ইয়েন ইয়েনের নেতৃত্বে কয়েকজন বামপন্থী ও উপজাতি উগ্রবাদী সদস্যরা পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে যুক্ত হয়ে প্রোপাগান্ডামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ইয়েন ইয়েন নিজেও একটি প্ল্যাকার্ড নেন, যেখানে বম জনগোষ্ঠীর নারী-শিশুদের বন্দি দেখানো হয়। বক্তারা বলেন, এই চিত্র বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক, কারণ বন্দি হয়েছে কেএনএফ-এর সেই সন্ত্রাসীরা যারা ব্যাংক ডাকাতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যার সঙ্গে সরাসরি জড়িত।
তারা প্রশ্ন তোলেন—ইয়েন ইয়েন যদি সন্ত্রাসীদের মুক্তির দাবি করেন, তবে কি তিনি কেএনএফ-এর হয়ে সরাসরি সাফাই গাইছেন? তারা বলেন, এটি একটি পরিকল্পিত নাটক ও ষড়যন্ত্র, যাতে চাকমা আধিপত্যবাদী স্বার্থকে আড়াল করে বম সম্প্রদায়ের প্রতি মিথ্যা সহানুভূতি দেখিয়ে সরকার ও জনগণকে বিভ্রান্ত করা যায়।
বক্তারা আরও বলেন, ইয়েন ইয়েনের নেতৃত্বে আয়োজিত প্ল্যাকার্ডে “আদিবাসীর স্বীকৃতি চাই”, “পাহাড়ে সেনাশাসন বন্ধ করো” ও পাহাড়কে ফিলিস্তিনের সঙ্গে তুলনার মতো হাস্যকর ও উদ্দেশ্যমূলক দাবি তুলে ধরা হয়েছে। তারা প্রশ্ন তোলেন—পাহাড়ে কোথায় সেনাশাসন? পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সব পদে চাকমা সম্প্রদায়ের উপস্থিতি উল্লেখ করে তারা বলেন, প্রকৃতপক্ষে পাহাড়ে চলছে “চাকমা শাসন” এবং সাধারণ মানুষকে প্রতিনিয়ত সশস্ত্র চাঁদাবাজদের ভয় নিয়ে বাঁচতে হয়।
বক্তারা জানান, তিন পার্বত্য জেলায় প্রতিবছর প্রায় ৬০০ কোটি টাকার চাঁদা আদায় হয়, যার পেছনে থাকে অবৈধ অস্ত্রে সজ্জিত উপজাতীয় সন্ত্রাসীরা। সাধারণ কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী, এমনকি পোষা প্রাণী বিক্রি করতেও চাঁদা দিতে হয়। বিয়ে-বিবাহেও চাঁদার নামে ভয়ভীতি দেখানো হয়।
বক্তারা বলেন, “আদিবাসী অধিকার” এখন একটি রাজনৈতিক ঢাল, যার মাধ্যমে দেশি-বিদেশি চক্র পাহাড়ে অস্থিরতা তৈরি করতে চায়। পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে উপজাতিরা তাদের অধিকাংশ দাবি অর্জন করেছে, কিন্তু এখন ‘আদিবাসী’ পরিচয়ের নতুন মোড়কে ওই পুরনো ষড়যন্ত্র নতুন করে সামনে আনছে তারা।
বিক্ষোভে বক্তারা ইয়েন ইয়েনকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান এবং পাহাড়ে শান্তি ও নিরাপত্তা রক্ষায় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
