নিউজ ডেস্ক:
সপ্তাহব্যাপী অব্যাহত বৃষ্টিপাতের ফলে রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আজ রবিবার (৩ আগস্ট) সকাল ১০টার কিছু পর কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিক) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৬.৮৪ ফুট মীনস সি লেভেল।
এর আগে গতকাল শনিবার (২ আগস্ট) রাত ৮টা পর্যন্ত এ উচ্চতা ছিল ১০৬.৪২ ফুট, যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রতি মুহূর্তেই পানির পরিমাণ বাড়ছে।
প্রকৌশলী মাহমুদ হাসান আরও জানান, কাপ্তাই লেকের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল পর্যন্ত। তবে যদি পানির উচ্চতা ১০৮ ফুট অতিক্রম করে, তাহলে কেন্দ্রের ১৬টি জলকপাট পর্যায়ক্রমে খুলে দিয়ে কর্ণফুলী নদীতে অতিরিক্ত পানি ছাড়ার ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “যদি পানি ছাড়ার প্রয়োজন হয়, তবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, আনুষ্ঠানিক সভার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে নোটিশ আকারে সর্বসাধারণকে জানিয়ে দেওয়া হবে।”
প্রচণ্ড বর্ষণের ফলে পাহাড়ি অঞ্চলে হঠাৎ প্লাবনের আশঙ্কা তৈরি হওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।