রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে ডুবে নিখোঁজ হওয়া দুই পর্যটকের লাশ ৪২ ঘণ্টা পর ভেসে উঠেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সীতাঘাট এলাকায় স্থানীয়রা লাশ দুটি দেখতে পান। নিহত দুই পর্যটক হলেন প্রিয়ন্ত (১৫) ও শাহন দত্ত (১৭)।
স্থানীয় বাসিন্দারা লাশ দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার তৎপরতা শুরু করে। স্থানীয় ইউপি সদস্য মো. সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউপি সদস্য মো. সরোয়ার বলেন, “সকাল ৭টার দিকে লাশ দুটি ভেসে ওঠে। স্থানীয়রা তা দেখতে পেয়ে আমাদের খবর দেন। এরপর ফায়ার সার্ভিস তাদের উদ্ধার কার্যক্রম শুরু করেছে।”
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ বলেন, “নিখোঁজ দুই পর্যটকের লাশ ভেসে ওঠার খবর পেয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে।”
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে সীতাঘাট এলাকায় কর্ণফুলি নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালালেও লাশ পাওয়া যায়নি। আজ ভেসে ওঠার পর লাশ উদ্ধার করা হয়।