নিউজ ডেস্ক:
রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটা থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম টিটু (৩৫), তিনি শামীম কোম্পানির ইটভাটায় ইঞ্জিন মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।
কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মুখ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগের দিন, সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একই এলাকায় এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জামসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়। পুলিশ দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, তা তদন্ত করে দেখছে।
