রাঙামাটি প্রতিনিধি:
ইউপিডিএফ সশস্ত্র গ্রুপের কমান্ডার খ্যাত মাইকেল চাকমা ও আরও একজন সুমন চাকমাকে চাঁদাবাজি মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ (৯ অক্টোবর) SC ৩৬/৯ প্যানাল কোড ১৮৬০, ৩৮৫ ধারায় দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করা হয়।
২০০৭ সালের ৩০ অক্টোবর সংঘটিত একটি চাঁদাবাজি মামলায় মাইকেল ও সুমনকে আসামী করে লংগদু থানায় মামলা দায়ের করা হয়। মামলার নাম্বার ছিল নং-৫, তারিখ ৩০ অক্টোবর, ২০০৭, জি.আর. নং- ৩৩০/২০০৭। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত রায় প্রদান করে।
পার্বত্যনিউজের অনুসন্ধানে জানা গেছে, ২০০৭ সালের ওই ঘটনায় নিরাপত্তা বাহিনী মাইকেল ও সুমনকে অস্ত্র ও টাকাসহ আটক করে লংগদু থানায় হস্তান্তর করেছিল। পরবর্তীতে বিশেষ ট্রাইবুনাল-২, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাঙামাটি ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মাইকেলকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং হত্যার হুমকি ও চাঁদাবাজির দায়ে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এ সময় আদালত উভয় ধারার সাজা একত্রে চলবে বলে রায় দেন।
মামলার অপর আসামী সুমন চাকমা চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অপরাধে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। তবে আসামী মাইকেল চাকমা তখন গুম থাকায় তার বিরুদ্ধে রায় কার্যকর করা সম্ভব হয়নি।
