‘আদিবাসী’ দাবি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন সংশোধনের প্রতিবাদে পার্বত্য নাগরিক পরিষদের সাংবাদিক সম্মেলন

রাঙ্গামাটি প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার ‘আদিবাসী’ পরিচয়ের দাবি এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০’ সংশোধন প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙামাটি জেলা শাখা।

আজ শনিবার সকালে রাঙামাটির একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ সোলায়মান বলেন, “সাম্প্রতিক প্রস্তাবিত ‘জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ ২০২৫’ সংবিধানবিরোধী এবং এটি একচেটিয়া সম্প্রদায়িক প্রাধান্য প্রতিষ্ঠার অপচেষ্টা।”

তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাবনায় ইনস্টিটিউট পরিচালনার জন্য যে ৬ সদস্যের কমিটি গঠনের কথা বলা হয়েছে, সেখানে সবাইকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত রাখার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে বাঙালি জনগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর পরিচালনায় কোনো প্রতিনিধিত্ব পাবে না, যা সাংস্কৃতিক বৈষম্য এবং অস্থিরতা সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, এ ধরনের একপাক্ষিক ও বিভাজনমূলক উদ্যোগ দেশের সাংবিধানিক স্বীকৃতি ও সমতাভিত্তিক সাংস্কৃতিক ব্যবস্থার পরিপন্থী।