ভারতে অবৈধ বসবাস: কেরালার পর দিল্লি-মুম্বাই থেকে আরও ১২ বাংলাদেশি গ্রেপ্তার

নিউজ ডেস্ক:

কেরালায় ২৭ জন গ্রেপ্তারের পর এবার ভারতের মুম্বাই ও দিল্লি থেকে আরও ১২ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মুম্বাইয়ের ভিওয়ান্ডি এলাকায় অভিযান চালিয়ে ৯ বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয়, যারা একটি ডান্সবারে কাজ করতেন। তারা বৈধ নথি ছাড়াই সেখানে বসবাস করছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট বাসার মালিক দীপক গঙ্গারাম ঠাকুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, বিশেষ অভিযানে দিল্লির পাহাড়গঞ্জ এলাকা থেকে আরও তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা ভুয়া ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি করে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। অভিযানে তাদের কাছ থেকে দুইটি বাংলাদেশি পাসপোর্ট, ভারতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নথি উদ্ধার করা হয়েছে।

এর আগে, কেরালার কোচি শহরে যৌথ বাহিনীর অভিযানে ২৭ বাংলাদেশিকে আটক করা হয়। কেরালার এরনাকুলাম জেলার পুলিশ প্রধান বৈভব সাক্সেনা জানান, অভিযানে মোট ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ২৭ জন বাংলাদেশি বলে শনাক্ত হয়েছেন। তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ ও পাসপোর্ট জব্দ করা হয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও বসবাস ঠেকাতে পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়ে যাচ্ছে। গত এক মাসে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে অন্তত ৪০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।