নিউজ ডেস্ক:
দীর্ঘদিন ধরে চলমান জাতিগত সংঘাত এবং বিধানসভায় অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগে পদত্যাগ করলেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। রোববার (৯ ফেব্রুয়ারি) রাজ্যপাল অজয়কুমার ভাল্লার কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি।
বিগত কয়েক মাস ধরে তার নেতৃত্ব নিয়ে বিজেপির অভ্যন্তরে মতবিরোধ সৃষ্টি হয়েছিল। দলের ভেতরে ও বাইরে ক্রমবর্ধমান চাপের মুখে সোমবার বিধানসভায় অনাস্থা প্রস্তাব উত্থাপনের আগেই এ সিদ্ধান্ত নেন তিনি। বিজেপির কয়েকজন বিধায়কই এই অনাস্থা প্রস্তাব উত্থাপন করতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। তার পদত্যাগের ফলে সোমবার শুরু হতে যাওয়া মণিপুর বিধানসভার বাজেট অধিবেশন বাতিল করা হয়েছে।
পদত্যাগপত্রে বীরেন সিং উল্লেখ করেন, তিনি সবসময় মণিপুরের জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেছেন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ বন্ধ, অবৈধ অভিবাসীদের বিতাড়ন এবং মাদক চোরাচালান রোধে কঠোর নীতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
ভারতের স্বাধীনতার পর মণিপুরে তার শাসনামলকে অন্যতম রক্তক্ষয়ী সময় বলে বিবেচনা করা হচ্ছে। প্রায় দুই বছর ধরে চলা জাতিগত সংঘাতে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন।
এর আগে, দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন বীরেন সিং। তবে বিজেপি ও নাগা পিপলস ফ্রন্ট মিলিয়ে ১৪ জনের বেশি বিধায়কের সমর্থন আদায় করতে ব্যর্থ হন, যা তার সংখ্যাগরিষ্ঠতা হারানোর ইঙ্গিত দেয়।
