নিউজ ডেস্ক:
আগামী বছর ভারতের সঙ্গে শেষ হচ্ছে বাংলাদেশের গঙ্গা নদীর পানি বণ্টন বিষয়ক গঙ্গা চুক্তি। এরপর বাংলাদেশের সঙ্গে নিজেদের ‘স্বার্থ অনুযায়ী’ নতুন চুক্তির ব্যাপারে ভাবছে নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।
সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন, ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে ইতোমধ্যেই দ্বিপক্ষীয় বিষয়গুলোর পূর্ণাঙ্গ সমাধানের জন্য প্রতিষ্ঠিত প্রক্রিয়া রয়েছে।
গঙ্গার পানি বণ্টন বিষয়ক চুক্তিটির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে। ৩০ বছর আগে ১৯৯৬ সালে এই চুক্তিটি কার্যকর হয়েছিল। এখন নতুন করে চুক্তির বিষয়টি সামনে আসছে। যেখানে নতুন চুক্তির ক্ষেত্রে পারস্পরিক সমঝোতার প্রয়োজন। সেখানে ভারত সম্পূর্ণ নতুন একটি চুক্তি নিয়ে ভাবছে যেখানে তাদের ‘বর্তমান উন্নয়নমূলক বিষয়াবলির’ বিষয়টি থাকবে।
রণধীর জয়সওয়াল আরো বলেন, প্রতিটি দেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের আলাদা ভিত্তি রয়েছে। তবে ‘পরিবর্তিত প্রেক্ষাপট’ সেই সম্পর্কে প্রভাব ফেলতে পারে।
১৯ জুন চীনের কুনমিং শহরে পাকিস্তান ও চীনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, ভারত আঞ্চলিক বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে যা ভারতের স্বার্থ এবং নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে।