আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
মঙ্গলবার, ১২ আগস্ট, মেঘালয়ের পুলিশ জানিয়েছে যে, আহত অবস্থায় আকরাম নামের ওই বাংলাদেশিকে গ্রামবাসীরা পুলিশে হস্তান্তর করেন। আকরাম, যিনি বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে খাসি হিলস জেলার কৈথা কোণা গ্রামে আটক হন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আকরামসহ কমপক্ষে আট বাংলাদেশি অনুপ্রবেশকারী রোংদাংগাই গ্রামের এক স্থানীয় বাসিন্দাকে অপহরণের চেষ্টা করেন। এ সময় তারা গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেন। গ্রামবাসীরা প্রতিরোধ করলে বাংলাদেশিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামবাসীরা আকরামসহ ছয় বাংলাদেশিকে আটক করে এবং তাদের মারধর করেন।
পুলিশ সুপার বানরাপ জিরওয়া জানিয়েছেন, আটক বাংলাদেশিদের কাছ থেকে একটি রিভলভার, পরিচয়পত্র, তিনটি ওয়্যারলেস সেট এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। তিনজনকে আদালতে তোলা হয়েছে এবং বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনার প্রেক্ষাপটে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি আবারও আলোচনায় এসেছে, যা দুই দেশের মধ্যে সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।
