নিউজ ডেস্ক :
রমজানে বিদ্যুতের চাহিদা মেটাতে এবং লোডশেডিং এড়াতে ৪ কার্গো অতিরিক্ত এলএনজি আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। রোববার (২ মার্চ) রাজধানীর সার্কিট হাউজ জামে মসজিদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, গরমের কারণে বিদ্যুতের চাহিদা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়, বিশেষ করে সেচের জন্য প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়, যা বন্ধ করা সম্ভব নয়, কারণ এতে খাদ্য উৎপাদন ব্যাহত হবে। তাই রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে অতিরিক্ত এলএনজি আমদানি করা হচ্ছে।
বিদ্যুৎ অপচয় রোধে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, শপিংমল ও জুয়েলারি দোকানে অতিরিক্ত আলোকসজ্জা এড়িয়ে চলতে হবে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এ বিষয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বিদ্যুৎ চুরি প্রসঙ্গে তিনি জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
