নিউজ ডেস্ক :
আগামী গ্রীষ্মে লোডশেডিংয়ের মাত্রা নির্ভর করবে তাপমাত্রা ও বিদ্যুৎ উৎপাদনের ওপর— এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (৮ মার্চ) চট্টগ্রামের দক্ষিণ আগ্রাবাদে আবিদারপাড়া এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকার এলএনজি আমদানি বৃদ্ধি, ট্রান্সফরমার মেরামত ও বিদ্যুৎ সরবরাহ উন্নয়নে কাজ করছে। শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ বিতরণের ভারসাম্যও বজায় রাখা হবে।
বিদ্যুতের অপব্যবহার রোধে তিনি অবৈধ সংযোগ বন্ধের তাগিদ দেন এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার পরামর্শ দেন। জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, বর্ষার আগেই চট্টগ্রামে উল্লেখযোগ্য উন্নতি হবে, তবে সম্পূর্ণ সমাধানে সময় লাগবে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে তদন্ত করবে।
ড্রেন ও খালে প্লাস্টিক-পলিথিন না ফেলতে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে ফাওজুল কবির বলেন, শুধু খাল খনন করলেই হবে না, পানিদূষণ রোধে নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করাও জরুরি।
