সীমান্তবর্তী বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোটের সম্প্রীতি–বিষয়ক লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সিএইচটি সম্প্রীতি জোট ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের শাক গ্রাম, মারমা গ্রাম, বাজার, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক। উপস্থিত ছিলেন জোটের মুখপাত্র পাইশিখই মারমা, মং থোয়াই ওয়াং মারমা, উক্য সিং মারমা, নাইক্ষ্যংছড়ি উপজেলা সিএইচটি সম্প্রীতি জোটের সংগঠক, কেন্দ্রীয় কমিটির সদস্য পাইমং থুই মারমা প্রেম, চট্টগ্রাম মহানগরের সংগঠক অং সি হ্লা মারমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণের সময় নেতারা পার্বত্য চট্টগ্রামে শান্তি, সহাবস্থান, বৈষম্যহীন সমাজ ও দুর্নীতিমুক্ত পরিবেশ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। লিফলেটে সমান নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ভূমি সমস্যার ন্যায়সংগত সমাধান, চাঁদাবাজি–সহ সহিংসতা বন্ধ, জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার দাবি উল্লেখ করা হয়েছে।

ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেন, “পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সব শ্রেণি–পেশার মানুষকে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের মূল্যবোধে ঐক্যবদ্ধ হতে হবে। তরুণ সমাজকে বিভেদ, সহিংসতা ও উসকানিমূলক রাজনীতি থেকে দূরে রেখে উন্নয়ন ও নিরাপত্তার পথে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও জানান, আগামী এক মাস ধরে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি—এই তিন পার্বত্য জেলাজুড়ে ধারাবাহিক লিফলেট বিতরণ ক্যাম্পেইন পরিচালিত হবে।

দিনব্যাপী কার্যক্রমে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যায় এবং তারা শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান।