জাগ্রত পাহাড় ডেস্ক:
বান্দরবানের পর্যটন স্পটগুলো এক সপ্তাহের মধ্যে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন। নিরাপত্তার কারণেই বান্দরবানসহ পার্শ্ববর্তী তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। তবে পর্যটন শিল্পের বিকাশ এবং স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়নের কথা বিবেচনা করে, বান্দরবান সদরসহ লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় পর্যটন স্পটগুলো দ্রুত উন্মুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক জানান, পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, বান্দরবানের অধিকাংশ মানুষ পর্যটন শিল্পের সঙ্গে জড়িত; পর্যটক না এলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পর্যটকদের জন্য বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্র পুনরায় চালু করা হবে এবং ধীরে ধীরে অন্য এলাকাগুলোও উন্মুক্ত করা হবে।
এই সভায় পুলিশ সুপার, সেনাবাহিনী, ডিজিএফআই, র্যাব, বিজিবি সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পর্যটন খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান জেলায় দেশী-বিদেশী পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল।
