জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের লেমুপালংয়ের একটি তামাক খামার থেকে আটজন শ্রমিক ও চাষিকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে দুর্গম ওই এলাকার একটি খামারবাড়িতে অবস্থান করা অবস্থায় তাদের জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ সন্ত্রাসীরা অস্ত্র হাতে খামারবাড়িতে হাজির হয়। অস্ত্রের মুখে আটজন শ্রমিক ও চাষিকে তারা তুলে নিয়ে যায়। এখনও অপহৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন। তিনি জানিয়েছেন, অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। পাহাড়ি ওই এলাকার দুর্গমতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে অভিযান কিছুটা জটিল হলেও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।