লামায় তামাক শ্রমিক অপহরণ, যৌথ বাহিনীর অভিযান শুরু

জাগ্রত পাহাড় ডেস্ক:

বান্দরবানের লামা উপজেলার বমুখাল এলাকায় সাতজন তামাক শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সরই ইউনিয়নের গজালিয়া আর্মি ক্যাম্প থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে তিনটি তামাকের খামার বাড়ি থেকে এ অপহরণের ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন মো. আমিন (৩৫), মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. সাকিব (১৪), মো. জাভেদ (২৬), আসাদ (১৮) ও মো. আবু হানিফ (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাঠি হাতে নিয়ে কয়েকজন দুর্বৃত্ত তামাকের খামার বাড়িতে প্রবেশ করে এবং সাতজন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের খবর পাওয়ার পর থেকেই যৌথ বাহিনী উদ্ধার অভিযানে নেমেছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, “বমুখাল এলাকা থেকে সাতজনকে অপহরণ করা হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।”

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব বলেন, “জেএসএস সন্ত্রাসীদের এ ঘটনায় জড়িত থাকার খবর পাওয়া গেছে। অপহৃত একজনের মোবাইল ফোনে বাগানের মালিকের সঙ্গে কথা হয়েছে। সন্ধ্যার মধ্যে কোনো তথ্য জানানো হবে বলে জানিয়েছে অপহরণকারীরা। যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।”

অপহরণকারীদের দ্রুত চিহ্নিত করে তামাক শ্রমিকদের নিরাপদে উদ্ধারের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।