লামায় গভীর রাতে আ. লীগের ঝটিকা মশাল মিছিল, পুলিশের অভিযানে নেতা-কর্মীরা পলাতক

জাগ্রত পাহাড় ডেস্ক:

বান্দরবানের লামায় আওয়ামী লীগের একদল নেতা-কর্মী রাতের আঁধারে ঝটিকা মশাল মিছিল করেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি অঞ্চল পাগলীর আগায় এই মিছিলের নেতৃত্ব দেন ২ নম্বর ওয়ার্ডের মেম্বার কুতুব উদ্দিন।

খবর পেয়ে লামা থানা পুলিশ দ্রুত অভিযান চালালে মিছিলকারীরা পালিয়ে যায়। ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফছিয়ল আলম অভিযোগ করে বলেন, কুতুব উদ্দিন একাধিক মামলার পলাতক আসামি এবং তার সঙ্গে কিছু সশস্ত্র ব্যক্তিও ছিল। তাদের ভয়েই এলাকার সাধারণ মানুষ আতঙ্কে থাকে বলে তিনি দাবি করেন।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, মশাল মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।