বান্দরবান প্রতিনিধি ;
বান্দরবানের লামায় বালুমহাল আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পাঁচ ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ফাঁসিয়াখালি ইউনিয়নের পেতাইন্না ছড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী মো. জমির (৪০) ও মো. আব্দুস সালাম (৫৫) কে ৬ মাসের এবং মো. সাদ্দাম হোসেন (২৫), নুরুল আমিন (২৭) ও মো. মিজানুর রহমান (৩৫) কে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি, বালু উত্তোলনে ব্যবহৃত সেলু মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।
স্থানীয়রা জানান, দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে পেতাইন্না ছড়ার বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, লামা উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে।
