জাগ্রত পাহাড় ডেস্ক:
বান্দরবান জেলার লামা উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অদ্য ৭ জানুয়ারি ২০২৫ তারিখে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের T.M.B ব্রিকস ও ফাইতং ইউনিয়নের F.A.C ব্রিকস ইটভাটায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ দল।
মোবাইল কোর্টের নেতৃত্ব দেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুপায়ন দেব। প্রসিকিউশন প্রদান করেন জনাব মোহাম্মদ নুর উদ্দিন, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা। অভিযানে দুটি ইটভাটাকেই পৃথকভাবে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
ইটভাটার কার্যক্রম বন্ধ করতে পানি ঢেলে চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন লামা থানার পুলিশ সদস্য ও লামা ফায়ার সার্ভিসের কর্মীরা।