জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগে SBM ব্রিক ফিল্ডে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বুধবার (১২ মার্চ) লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্টের নেতৃত্ব দেন লামা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। অভিযানে SBM ব্রিক ফিল্ডকে পাহাড় কাটার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ১ লাখ টাকা এবং জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৫৪০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।
অভিযান চলাকালে পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে স্কেভেটর দিয়ে চিমনি ও কিলন গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে লামা বন বিভাগ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।