রোয়াংছড়িতে পাথর দিয়ে হত্যা করা লাশ উদ্ধার; আটক ২

নিউজ ডেস্ক:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে এক যুবক। পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করে তার মরদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ৩৬ ঘণ্টা পর রোয়াংছড়ি উপজেলার তারাছা খালের বেক্ষ্যং পাড়া এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে রোয়াংছড়ি থানা পুলিশ।

নিহত যুবকের নাম উথোয়াইশৈ মারমা (১৮)। তিনি রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খক্ষ্যং পাড়ার বাসিন্দা শৈচনু মারমার ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন—৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শীলবান্ধা পাড়ার সাবেক ইউপি সদস্য সিংনুমং মারমার ছেলে উনুসিং মারমা (২৬) এবং একই এলাকার লোওয়াইসামং মারমার ছেলে হ্লাথোয়াইহ্রী মারমা (২৮)।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান।