বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম সুংসুং পাড়া ও আশপাশের পাড়ার অসহায় ও দুঃস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান রিজিয়নের উদ্যোগে গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৪০০ জন স্থানীয় বাসিন্দা চিকিৎসা সুবিধা পান।
বান্দরবান রিজিয়নের অধীনস্থ ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স এ কর্মসূচির আয়োজন করে। মেডিকেল টিমে নেতৃত্ব দেন অধিনায়ক লে. কর্নেল সরফরাজ হায়দার। তাঁর সঙ্গে মেজর রিফাত বিনতে আলম, মেজর লুবনা ইয়াসমিন, মেজর শাহরীন জাহান প্রধান, রুমা জোনের আরএমও ক্যাপ্টেন মো. সোহাগ মিয়া সজীব এবং জিএসও-৩ (ইন্ট) ক্যাপ্টেন ইসতিয়াক মোহাম্মদ ইরফান আলী উপস্থিত থেকে এলাকাবাসীকে চিকিৎসা সেবা প্রদান করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের অধীন বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগণ আধুনিক শিক্ষা, চিকিৎসাসহ নানা সামাজিক সুবিধা থেকে বঞ্চিত। এ অবস্থায় সেনাবাহিনী পাঁচ দশকেরও বেশি সময় ধরে পার্বত্য অঞ্চলের মানুষের বন্ধু হয়ে পাশে রয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সব জাতি ও ধর্মের মানুষের জীবনমান উন্নয়ন এবং যে কোনো প্রয়োজনে সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে।