জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবানের রুমা উপজেলায় বাসের ধাক্কায় মথি ত্রিপুরা (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মথি ত্রিপুরা ২ নম্বর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আনন্দ পাড়ার রুদ্রিয়া ত্রিপুরার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে বান্দরবানগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রুমা সদর হাসপাতালে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পাপিয়া দাশ নিশ্চিত করেছেন যে, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা রাস্তায় নেমে আসেন এবং বাসটি ভাঙচুর করেন, পরে বাসে আগুন লাগিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দি জানান, দুর্ঘটনার পরপরই বাসচালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।