জাগ্রত পাহাড় ডেস্ক :
আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যানবাহন মালিক সমিতি, পরিবহন সংশ্লিষ্ট সদস্য এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পুলিশ সুপার পরিবহন নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, যানজট রোধ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ পেট্রোল ও মোবাইল ডিউটি জোরদার করেছে। ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে।
চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স বহনের বাধ্যবাধকতার কথা জানিয়ে তিনি বলেন, পর্যটকরা যেন কোনো হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজর রাখা হবে। বান্দরবানের আঁকাবাঁকা সড়কে গতি নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখতে হবে।
এ সময় পুলিশ সুপার ঘোষণা দেন, চালক, হেল্পার ও মালিকদের সচেতন করতে একটি ওয়ার্কশপ স্থাপন করা হবে, যেখানে তাদের দায়িত্ব সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া, বিপদগ্রস্ত চালকদের দ্রুত সহায়তা দিতে একটি বিশেষ কার্ড সিস্টেম চালু করা হবে। পাশাপাশি তাৎক্ষণিক সহায়তার জন্য ৯৯৯ জরুরি সেবা ব্যবহারের পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, “আমরা চাই বান্দরবানের ট্যুরিস্টরা বলুক, এখানকার পরিবহন মালিক, চালক, হেল্পার এবং জেলা পুলিশের আচরণ আমাদের মুগ্ধ করেছে।”
