জাগ্রত পাহাড় ডেস্ক:
অদ্য ১৬ ডিসেম্বর ২০২৪, মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের। এই দিনে বাংলাদেশের দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাঙালি জাতি পেয়েছিল স্বাধীনতার পূর্ণতা এবং লাল-সবুজের পতাকা স্থান পেয়েছিল বিশ্ব মানচিত্রে।
বিজয়ের ৫৪তম প্রভাতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এর নেতৃত্বে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সদস্যরা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “আমাদের এই স্বাধীনতা অসংখ্য বীর মুক্তিযোদ্ধার রক্তে রঞ্জিত। তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং এই অর্জনকে স্মরণীয় করে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। বিজয়ের এই দিনে আমরা অঙ্গীকার করছি যে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির উন্নয়ন ও অগ্রগতির পথে কাজ করে যাব।”
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা এবং অর্জিত স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা হয়। বান্দরবান পার্বত্য জেলা পুলিশের এই উদ্যোগ জাতির গৌরবোজ্জ্বল অতীতকে স্মরণ করিয়ে দেয় এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানায়।
