জমির উদ্দিন, বান্দরবান প্রতিনিধি;
বান্দরবানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনির উদ্যোগে আয়োজিত ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণ (বিশেষ ধাপ)-২০২৫ এর ১০ দিনব্যাপী কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) সম্পন্ন হয়েছে।
সমাপনী অনুষ্ঠানটি বান্দরবান পৌরসভার বালাঘাটা সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনির বান্দরবান পার্বত্য জেলার জেলা কমান্ড্যান্ট মো. মোতালিব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. মইনুল ইসলাম, বিএএম, পিএএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা লাকী বড়ুয়া, উপজেলা প্রশিক্ষক কেশব কান্তি দাশ, ৬নং ওয়ার্ড দলনেতা আনোয়ার হোসেন, ২নং কুহালং ইউনিয়নের দলনেত্রী মেনুচিং খেয়াং, মনিটরিং সদস্য মোহাম্মদ আবুল কাসেম এবং ভিডিপি সদস্য জমির উদ্দিন।
প্রশিক্ষণে ক্ষুদ্র জাতিগোষ্ঠী (চাকমা, মারমা, ত্রিপুরা, মুরং) থেকে ৬৪ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রতিটি প্লাটুনে ৩২ জন করে মোট ২টি প্লাটুন গঠিত হয়। প্রশিক্ষণার্থীদের নতুন সিলেবাস ও যুগোপযোগী প্রশিক্ষণ নীতিমালার আওতায় দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ, আত্মনির্ভরশীলতা অর্জন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কার্যক্রমটি ১৬ জুন শুরু হয়ে ২৬ জুন ২০২৫ পর্যন্ত চলেছে। সমাপনী দিনে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
