বিয়ের কয়েক মাস পরেই বান্দরবানের লামায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা

নিউজ ডেস্ক:

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের পশ্চিম নয়াপাড়ায় মো. নুরুল আমিনের স্ত্রী মায়মুনা আক্তার (৩৮) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত মায়মুনা আক্তার সম্প্রতি শেরপুর থেকে লামায় আসেন। এটি তার স্বামী নুরুল আমিনের দ্বিতীয় বিবাহ। বিয়ের ৫-৬ মাসের মধ্যেই শ্বশুরবাড়িতে এসে মাত্র এক সপ্তাহের মাথায় তিনি এই পথ বেছে নেন।

ঘটনার পরপরই ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ ও স্থানীয় ইউপি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। কেন তিনি আত্মহত্যা করেছেন তা এখনও নিশ্চিত নয়। স্থানীয়রা ধারণা করছেন, স্বামীর সঙ্গে অভিমান থেকেই হয়তো তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, “আমরা ঘটনার প্রাথমিক তদন্ত করছি। পারিবারিক কোনো সমস্যা থেকে এই আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।”

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে।”

সূত্র: nirala tv