জাতিসংঘে পার্বত্য ইস্যুতে বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।

বান্দরবান প্রতিনিধি


সম্প্রতি জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে প্রদত্ত বক্তব্যের প্রতিবাদে বান্দরবান প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও এর সহযোগী সংগঠনসমূহ, বান্দরবান জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা আহ্বায়ক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। এছাড়া স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা। তারা বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে পার্বত্য অঞ্চলের বাস্তব চিত্র বিকৃতভাবে তুলে ধরা হচ্ছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতিসংঘের ফোরামে অংশগ্রহণকারী কিছু প্রতিনিধির বক্তব্য দেশের নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানান এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ করা জরুরি। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ সমাপ্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *