জাগ্রত পাহাড় ডেস্ক:
অদ্য ১লা জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ বান্দরবান প্রেস ক্লাবের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। ক্লাবের সভাপতি জনাব আমিনুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক জনাব থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব শাহ্ মোজাহিদ উদ্দিন এবং বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)। এছাড়াও আরও অনেক আমন্ত্রিত অতিথি, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বান্দরবান প্রেস ক্লাব কেবল সংবাদ পরিবেশনের একটি প্রতিষ্ঠান নয়, বরং এটি পার্বত্য অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি প্রেস ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জেলা পুলিশের সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার তার বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরে বলেন, “পুলিশ ও সাংবাদিকদের কাজের উদ্দেশ্য একই—সমাজকে সঠিক তথ্য প্রদান এবং নিরাপত্তা নিশ্চিত করা। তবে কাজের প্যাটার্ন ভিন্ন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।” তিনি আরও বলেন, “সাংবাদিকদের জন্য একটি লাইব্রেরি স্থাপন করা হলে তারা তাদের জ্ঞানচর্চায় উপকৃত হবেন।”
তিনি বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়ন এবং এই অঞ্চলের ঐতিহ্য ও পাহাড়ি সৌন্দর্য তুলে ধরার আহ্বান জানান। একইসঙ্গে তিনি পার্বত্য এলাকায় সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দিয়ে বলেন, “সম্প্রীতি বজায় থাকলে পর্যটন শিল্প বহুগুণে বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।”
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক এবং অতিথিবৃন্দ বান্দরবান প্রেস ক্লাবের সাফল্য ও ঐতিহ্যের প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষে প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।