বান্দরবান জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা সম্পন্ন

জাগ্রত পাহাড় ডেস্ক:

আজ ০৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, রোববার, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ অফিস কনফারেন্স রুমে ডিসেম্বর ২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

সভায় জেলা পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়।

পুলিশ সুপার মহোদয় বলেন, জেলার সাতটি থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ইনচার্জ, তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে জনবান্ধব পুলিশ গঠনের উপর গুরুত্বারোপ করেন।

পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাত বান্দরবানে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সাথে সদাচরণ করার নির্দেশ দেন পুলিশ সুপার। তিনি আরও বলেন, সাধারণ জনগণ যাতে পুলিশের দ্বারা কোনো ধরনের হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।

সভায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কয়েকজন তদন্তকারী কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। সভায় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এটি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অঙ্গীকারকে আরও দৃঢ় করার একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।