জাগ্রত পাহাড় ডেস্ক :
২৯শে মার্চ ২০২৫, শনিবার, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ (বিসিপিএসসি) মাঠে প্রথমবারের মতো আয়োজন করা হয় “বিসিপিএসসি গ্র্যান্ড ইফতার ২০২৫”। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ ৪৩০ জনেরও বেশি অতিথি অংশ নেন, যা এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান সিরাজ ভূঁইয়া, এইসি মহোদয় এবং বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সেনানিবাসের জোন কমান্ডার জনাব এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি মহোদয়।
এই আয়োজনের উদ্যোগ নেয় বিসিপিএসসি’র জনপ্রিয় কমিউনিটি “বিসিপিএসসি সারকাজম”। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান সিরাজ ভূঁইয়া, এইসি বলেন,
“এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ায় এবং সবার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে। প্রতিবছর এমন আয়োজন হলে ভালোবাসা ও সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে।”
বিশেষ অতিথি জোন কমান্ডার এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি আয়োজকদের প্রশংসা করে বলেন,
“প্রথমবারের মতো এমন আয়োজন করতে পেরে আয়োজকরা সত্যিই প্রশংসার যোগ্য। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগে আমাদের সবসময় সহযোগিতা থাকবে।”
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল আতিকুর রহমান এবং শিক্ষক আরফান হাবিব, আব্দুর রহিম ও আজম স্যার। তারা সবাই শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই আয়োজন ধরে রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে, প্রথম ব্যাচের শিক্ষার্থী হেলাল উদ্দিন ঘোষণা দেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন গঠনের আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্তের। এটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবে।
আয়োজক কমিটির অন্যতম সদস্য আখলাক হোসেন বলেন,
“একটি সাধারণ ফেসবুক পোস্ট থেকে শুরু হয়ে আজ ৪৩০ জনের মিলনমেলায় পরিণত হয়েছে। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এই আয়োজন করতে চাই, যেখানে অংশগ্রহণ হাজার ছাড়িয়ে যাবে।”
এই আয়োজন শুধুমাত্র ইফতার অনুষ্ঠান নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
