বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে দীর্ঘ ২৫ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার (২৩ নভেম্বর) সকালে সাঙ্গু নদীতে সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ আয়োজন দেখতে নদীর তীরে ভিড় জমায় হাজারো মানুষ।
নৌকাবাইচে জেলার বিভিন্ন অঞ্চল থেকে ১৮টি দল অংশ নেয়, যার মধ্যে ৭টি ছিল নারী দল। প্রতিটি নৌকায় ছিলেন ৮ জন মাঝি। দীর্ঘদিন পর এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে খুশি ক্রীড়াপ্রেমীরা।
প্রতিযোগিতার আহ্বায়ক নিনিপ্রু মারমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। তিনি বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যাচ্ছে। নৌকাবাইচও তার মধ্যে একটি। দীর্ঘ ২৫ বছর পর বান্দরবানে নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আশা করছি, এসব হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলা আবারও উজ্জীবিত হবে। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জোন কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুদুল হাসান এবং জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এ আয়োজনকে গ্রামবাংলার ঐতিহ্য পুনরুদ্ধারে একটি মাইলফলক বলে মনে করছেন।
