জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবান পার্বত্য জেলার সদর থানাধীন বনরূপা পাড়া সিদ্দিক নগর এলাকায় গাঁজা বিক্রির সময় র্যাব-১৫ এর সদস্যদের হাতে আটক হয়েছেন মো. হেলাল হোসেন (২০) নামের এক মাদক চক্রের সক্রিয় সদস্য। ১১ এপ্রিল, রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প), র্যাব-১৫ কক্সবাজার এর একটি নিয়মিত টহল দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (সঃ) মোঃ জহিরুল ইসলাম।
র্যাবের উপস্থিতি টের পেয়ে হেলাল পালানোর চেষ্টা করলে, টহল দলে থাকা অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে একটি কালো পলিথিনে মোড়ানো ১০ গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয় মাদকদ্রব্যটি এবং তা ডিজিটাল ওজন মেশিন দিয়ে পরিমাপ করা হয়। জব্দ তালিকা তৈরি করে উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়। এছাড়া, উদ্ধারকৃত গাঁজা থেকে ১ পুড়িয়া রাসায়নিক পরীক্ষার জন্য এবং ১ পুড়িয়া বিচার কার্যক্রমে উপস্থাপনের জন্য সংরক্ষণ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে বান্দরবান শহরের অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে পাইকারি দরে গাঁজা সংগ্রহ করে বনরূপা পাড়া এলাকায় খুচরা বিক্রি করে আসছে।
আটককৃত হেলাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযানের পর গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ম অনুযায়ী থানায় সোপর্দ করা হয়।