জাগ্রত পাহাড় ডেস্ক :
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। সকালেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ জাতীয় পতাকা উত্তোলন করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।
বান্দরবান পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার), জেলা প্রশাসক শামীম আরা রিনি ও জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাইসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এরপর বান্দরবান স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জনাব জামিনাতুন নেছা। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করা হয়।
বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়, যা অনুষ্ঠানে আরও বর্ণিলতা যোগ করে। পুলিশ সুপার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে কুচকাওয়াজ উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
