বান্দরবানে ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কা, মাইকিং করে সতর্ক করছে প্রশাসন

জাগ্রত পাহাড় ডেস্ক :

বান্দরবানে কয়েকদিন ধরে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় ধস ও জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (৩০ মে) গভীর রাত থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে শহরের বনরূপা, হাফেজঘোনা, মেম্বার পাড়া এলাকার নিচু সড়কগুলো দিয়ে পানি প্রবাহিত হতে দেখা গেছে।

একইসঙ্গে ঝড়ো হাওয়ার কারণে বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়েছে এবং পাহাড় ধসে পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে। টানা বৃষ্টির কারণে বেশ কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে, ফলে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্কতা দেওয়া হচ্ছে। একইসঙ্গে জেলার সাতটি উপজেলায় বসবাসকারী ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

জেলা প্রশাসক শামীম আরা রিনি জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের পরিস্থিতি পর্যবেক্ষণে এবং জনগণকে সহায়তায় সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা সদরসহ সাতটি উপজেলায় ইতোমধ্যে ২২০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যাতে প্রয়োজন হলে ক্ষতিগ্রস্ত মানুষদের দ্রুত আশ্রয় দেওয়া সম্ভব হয়। প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।