বান্দরবান প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “আমাদের দেশ অনেক এগিয়েছে, তবে স্বাধীনতার ৫৪ বছরে যে লক্ষ্য অর্জনের কথা ছিল, তা এখনো পুরোপুরি অর্জিত হয়নি।” তিনি মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য ত্যাগ, বীরত্ব ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার আবদুর রহমান বলেন, “মুক্তিযোদ্ধা ও শহিদদের রক্তের বিনিময়েই আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। আমরা সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি চিরকৃতজ্ঞ।”
পৌর প্রশাসক এস এম মনজুরুল হক তার বক্তব্যে বলেন, “আমরা এখনো ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে সবার মধ্যে পুরোপুরি প্রতিষ্ঠিত করতে পারিনি। কেউ কেউ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ইতিহাস বিকৃত করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছে, দুর্নীতির মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছে এবং সমাজে বিভাজন সৃষ্টি করেছে।” তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমান, পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, বীর মুক্তিযোদ্ধাগণ এবং জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
