বান্দরবান, ২৫ জুন ২০২৫:
“Beat Plastic Pollution” এবং “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলায় আজ পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে সকাল ১০:৩০টায় শুরু হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ এবং উপস্থিত ছাত্র-ছাত্রী ও অংশগ্রহণকারীদের মাঝে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ।
আলোচনা সভার আয়োজন করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ আবু তালেব এর সভাপতিত্বে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব শামীম আরা রিনি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশ দূষণ রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে সকলকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক জনাব এস. এম. মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবদুল করিম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতি অনুষ্ঠানে এক অনন্য পরিবেশ সৃষ্টি করে।
পরিবেশবান্ধব সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বানের মাধ্যমে শেষ হয় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ এর বান্দরবান জেলা পর্যায়ের আনুষ্ঠানিকতা।
