জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবানের রুমা উপজেলার থানাপাড়া সেগুন বাগান এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৮০০ গ্রাম নিষিদ্ধ আফিমসহ দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাতে চালানো এই অভিযানে উদ্ধার হওয়া আফিমের বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ম্রংখ্যয়ং পাড়ার মৃত বদলা ত্রিপুরার ছেলে গ্রীরেন্দ্র ত্রিপুরা (৩৮) এবং রুমা সদর ইউনিয়নের সালেম পাড়া গ্রামের শক্তি ত্রিমথি ত্রিপুরা (৪৫)। পুলিশ জানায়, গোপনে মাদক পাচারের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে সেগুন বাগান এলাকার যোসেফ ত্রিপুরার বাড়িতে তল্লাশি চালিয়ে আফিমসহ তাদের গ্রেফতার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার সকালে তাদের বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে।