জাগ্রত পাহাড় ডেস্ক:
বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলোতে দীর্ঘ একমাসের ভ্রমণ নিষেধাজ্ঞা অবশেষে আংশিকভাবে তুলে নেওয়া হয়েছে। জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দীন বুধবার (৬ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে পর্যটকরা বান্দরবানের মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, প্রান্তিক লেকসহ লামার আলিকদম ও নাইক্ষ্যংছড়ির দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারবেন।
তবে, এখনও রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটন নিষেধাজ্ঞা বহাল রয়েছে। পর্যায়ক্রমে এসব এলাকাও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ভ্রমণে সতর্কতা জারি করে প্রশাসন। এর প্রেক্ষিতে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়, এবং হোটেল-মোটেলের বুকিংও বাতিল করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) এসএম মনজুরুল হক, বাংলাদেশ সেনাবাহিনী, ডিজিএফআই ও বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পর্যটন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর তৎপরতার কারণে বান্দরবানের বিভিন্ন উপজেলায় সাময়িকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। সম্প্রতি নিরাপত্তার স্বার্থে রুমা, রোয়াংছড়ি ও থানচিতেও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
