বান্দরবান প্রতিনিধি;
হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী নানা আয়োজন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে শনিবার (১৬ আগস্ট) বান্দরবানে উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে ভোরে বান্দরবান কেন্দ্রীয় শ্রীশ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে রাজারমাঠে মহানামযজ্ঞের আয়োজন করা হয়। পরে সকাল ১১টায় রাজারমাঠ থেকে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বের হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান আলী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং বেলুন উড়িয়ে মহাশোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল করিম, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক নিখিল কান্তি দাশ, সদস্য সচিব আনন্দ দাশ, জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটল কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক অলক ধরসহ বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি রাজারমাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উৎসব প্রাঙ্গণে গিয়ে সমবেত হয়। শোভাযাত্রায় দেব-দেবীর প্রতিকৃতিতে সজ্জিত হয়ে শিশু, কিশোর ও যুবক-যুবতীরা অংশ নেয়।
দিনব্যাপী রাজারমাঠে চলে মহানামযজ্ঞ ও প্রসাদ বিতরণ। আগামীকাল রোববার (১৭ আগস্ট) ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শেষ হবে এ বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব।
হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। বিশ্বাস করা হয়, পাশবিক শক্তির দমন এবং ন্যায়, সত্য ও সুন্দর প্রতিষ্ঠার জন্য যুগে যুগে ভগবান মানুষের মধ্যে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণের জন্ম সেই ঐশী আবির্ভাবেরই এক অনন্য দৃষ্টান্ত।
