বান্দরবান প্রতিনিধি।
টানা পাঁচ দিনের সরকারি ছুটি ঘিরে বান্দরবানে পর্যটকের ভিড় বেড়েছে ব্যাপকভাবে। দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডংসহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগ পেয়ে ছুটে আসছেন হাজারো মানুষ।
জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র নীলাচল, নীলগিরি, মেঘলা ও শৈলপ্রপাত সকাল থেকে পর্যটকে মুখরিত হয়ে উঠেছে। পাশাপাশি রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলার দেবতাখুম, ডিম পাহাড়, বগালেক, তিন্দু ও বড় পাথরেও বাড়ছে ভ্রমণপিপাসুদের পদচারণা। এসব দুর্গম স্পটে যেতে হলে প্রধান ভরসা ‘চাঁদের গাড়ি’, আর তাই ভোর থেকে শহরের কাউন্টারগুলোতে লম্বা লাইন পড়ছে আগত যাত্রীদের।
পর্যটকের ঢল সামলাতে হিমশিম খাচ্ছেন হোটেল-মোটেল ও রিসোর্ট মালিকরা। অধিকাংশ আবাসিক কক্ষ অগ্রিম বুকিং হয়ে যাওয়ায় অনেকে হোটেল ছাড়াই বিপাকে পড়ছেন। এক হোটেল মালিক জানান, “টানা সরকারি ছুটির কারণে আগের বুকিং পূর্ণ হয়ে গেছে। আরও কয়েকদিন এ চাপ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।”
বান্দরবান আবাসিক হোটেল রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বলেন, “ছুটির মৌসুমে পর্যটন ব্যবসায় আবার প্রাণ ফিরে আসছে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে মন্দাভাব কাটিয়ে ওঠা সম্ভব হবে।”
এদিকে পর্যটকদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ। বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, সারাবছরই পর্যটকরা এখানে আসেন। তাই শুধু ইউনিফর্মধারী নয়, সাদা পোশাকেও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা বিভিন্ন পর্যটন স্পট ও গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
ছুটির এ উৎসবে বান্দরবান এখন যেন পর্যটকদের মিলনমেলা।

