জাগ্রত পাহাড় ডেস্ক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ফাত্রাঝিরি ঝরনায় ভ্রমণে গিয়ে পাহাড়ি ঢলে তলিয়ে মেহরাব হোসাইন (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার এই ঝরনায় ঘটনাটি ঘটে।
নিখোঁজ যুবক হাফেজ মেহরাব হোসাইন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মেহরাব তার প্রায় ১৮ জন বন্ধু-বান্ধবের সঙ্গে ফাত্রাঝিরি ঝরনায় ঘুরতে যান। ঝরনা দেখা শেষে ফেরার পথে হঠাৎ বৈরী আবহাওয়া দেখা দেয় এবং পাহাড়ি ঢলে খালের পানির স্তর দ্রুত বেড়ে যায়। এ সময় পারাপারের জন্য ব্যবহৃত বাঁশের কঞ্চি ভেঙে পড়ে গেলে মেহরাব পানির প্রবল স্রোতে তলিয়ে যান। মুহূর্তেই তিনি সবার চোখের আড়ালে চলে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, নিখোঁজ যুবককে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় মেহরাবের পরিবার ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।