বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান জেলা জিয়া মঞ্চের আয়োজনে সর্বস্তরের জনসাধারণ ও রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা পুরাতন পুলিশ ক্যাম্প এলাকায় খোরশেদ মার্কেট প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক হেলাল উদ্দিন স্বাধীন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু হেডম্যান (ব্রিগেডিয়ার)।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক মজিবর রশিদ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস্য নাসির উদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী এবং জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মহিউদ্দিন। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাশৈপ্রু বলেন, দেশের মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। এর প্রথম ধাপ হিসেবে হতদরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে, যার মাধ্যমে অনেক দরিদ্র পরিবার সরাসরি সহায়তা পাচ্ছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক, মানবিক ও উন্নত রাষ্ট্র, যেখানে মানুষের অধিকার, সুশাসন ও সমান সুযোগ নিশ্চিত করা হবে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
