বান্দরবানে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় মংহলাসিং মারমা (২০) ওরফে মনাইয়্যা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার।
গ্রেফতারকৃত যুবক বান্দরবান পৌরসভার মধ্যম পাড়া এলাকার মংবোয়াই মারমার ছেলে।
পুলিশ জানায়, গত ২০ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় উজানী পাড়ায় মেথুইচিং মারমার বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোর সাত ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ সাড়ে ৬৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্ত যুবককে শনাক্ত করে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মারমা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে আসামি। তার কাছ থেকে চুরি হওয়া সাত ভরি সাত আনা স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে ৬৩ হাজার টাকা এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত যুবক বাসাবাড়িতে চুরির পাশাপাশি মোটরসাইকেল চুরির সঙ্গেও জড়িত। আদালতে পাঠিয়ে তার রিমান্ডের আবেদন করা হয়েছে।
