বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী চাঁদের গাড়ি উল্টে হ্লায়ইনু মার্মা (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) বিকেলে বান্দরবান-চিম্বুক সড়কের বেতছড়া রাস্তার মেরাইং পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ছয়জন যাত্রী আহত হন।
নিহত হ্লায়ইনু মার্মা বেতছড়া এলাকার নাচালং পাড়ার বাসিন্দা চথোয়াইমং মার্মার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, হাটবাজার শেষ করে বেতছড়া এলাকার ১০-১২ জন যাত্রী বান্দরবান শহর থেকে চাঁদের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গাড়িটি বেতছড়া রাস্তার মেরাইং পাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান হ্লায়ইনু মার্মা। আহত ছয়জন যাত্রীকে স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, “সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
